মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু
তিন বন্ধু আলম মিয়া, সোনামিয়া এবং কালুমিয়া। ছবি: সংগৃহীত।
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৭:৩৪
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার তিল্লি সেতুর কাছে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার তিল্লিরপাড় বিলপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সোনামিয়া, মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আলম মিয়া ও বিলাল হোসেনের ছেলে মো. কালুমিয়া।
সৌদি প্রবাসফেরত বন্ধু মো. সোনামিয়া বাড়ি এসেই একটি মোটরসাইকেল কেনেন। সেই মোটরসাইকেলে করে তিন বন্ধু মিলে আলম মিয়ার জন্য একটি মোবাইল ফোন কিনতে গিয়েছিলেন স্থানীয় দরগ্রাম বাজারে। কালুমিয়া মোটরসাইকেল চালাচ্ছিল। পেছনে বসা ছিল দুই বন্ধু আলম মিয়া ও সোনামিয়া। সংঘর্ষের পর ঘটনাস্থলেই আলম মারা যান। আরেক বন্ধু কালুমিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পথেই মারা যান। আরেক বন্ধু সোনামিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তিনিও রাতে মারা যান।
কালুমিয়ার বাবা বিলাল হোসেন বলেন, ছেলে আমার কাছে বায়না ধরেছিল বিদেশ যাবে। ওর বয়স ১৪ বছর হবে। লেখাপড়া অষ্টম শ্রেণি পাস। আমি বলেছিলাম, তুমি আরেকটু বড় হও, তারপর পাঠাব। আমি একজন হতদরিদ্র কৃষক। প্রতিদিন কাজ না করলে ভাত জোটে না। তারপরও আমি একটু একটু করে টাকা জমিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা করেছি। ছেলে আমার জন্মের মতো বিদেশে চলে গেল। এসব কথা মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তার কান্নায় যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।
জাহাঙ্গীরের ছেলে মো. আলম মিয়া। পরিবারের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির ছাত্র। ছেলেকে হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। আলম মিয়া পরিবারের কাছে মোবাইল কেনার বায়না ধরেছিল। তার বাবা জাহাঙ্গীর আলম একজন অতিদরিদ্র কৃষক। কিছু টাকা জমিয়ে শুক্রবার ছেলেকে একটি মোবাইল কেনার জন্য টাকা দিয়েছিলেন।
শনিবার রাতেই তিন বন্ধুকে তিল্লিপাড় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে বলে জানান আলমের ফুফাতো ভাই সাইয়েদুর রহমান।
