ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ হচ্ছে আজ

রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ  হচ্ছে আজ
×

রবীন্দ্র জন্মজয়ন্তীতে গতকাল শনিবার কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে দর্শনার্থীর ভিড় সমকাল

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এদিন কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে গান, নৃত্য ও আলোচনার সভার মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। আজ রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে জন্মজয়ন্তী উৎসব। এর আগে গত শুক্রবার বিকেলে তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্বিতীয় দিন ইউএনও ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম। স্মারক বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সরেজমিন দেখা যায়, ব্যানার, ফেস্টুন ও আলপনার মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে শিলাইদহের কুঠিবাড়ী চত্বর। সামনে উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দূরদূরান্ত থেকে এসেছেন রবীন্দ্রভক্তরা। 
কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পী জহুরুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও বিশ্বকবির জন্মজয়ন্তী উৎসবে গান পরিবেশন করেছি। এতে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আগামীতে আরও ভালো আয়োজনের প্রত্যাশা তাঁর।

অন্যবার কুঠিবাড়ীর প্রধান ফটকের সামনের ফাঁকা স্থান ও আমবাগানে বসত গ্রামীণমেলা। তবে অনুমতি না মেলায় এবার সুনসান নীরবতা। কিছু ভ্রাম্যমাণ দোকানি পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন। তবে নেই চিরচেনা ভিড়। কুমারখালীর এলংগী থেকে আসা খই ব্যবসায়ী আবু বক্কর বলেন, এবার মেলার অনুমতি নেই। 
শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ীর কাস্টোডিয়ান আল আমিন বলেন, আজ রোববার কবির রচিত গান, কবিতা পরিবেশন এবং নৃত্য ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম তিন দিনের জন্মজয়ন্তী উৎসব।

আরও পড়ুন

×