ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার
×

ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৬:০৪

পাবনার ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার পিতা-পুত্র হলেন- মো. ভুট্টু আলী (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)। তারা সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকার বাসিন্দা। 

পাবনার জেলা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ডিবির পরিদর্শক মো. রাশিদুল ইসলামসহ একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকার মসজিদের সামনে ভুট্টুর ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুট্টু ও তার ছেলে শিমুল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করেন।

পরে সেখানে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির কিছু নগদ টাকা জব্দ করে পুলিশ।

পাবনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত পিতা-পুত্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন বলে নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) আশাদুর রহমান। 

আরও পড়ুন

×