দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৭:৩৫
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ীর নাম সুমন মিয় (৩৪)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভীরামপুর পশ্চিমপাড়া গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সুমন সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তার দুই বছরের একটি ছেলে আছে। ১৪ বছর আগে সুমন দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি নিউক্যাসল সিটির কাছে একটি এলাকায় ব্যবসা করতেন। গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সুমনের বাবা মইজ উদ্দিন বলেন, ঘটনার পর সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে সুমনের এক বন্ধু ফোন করে বিষয়টি জানান। আগামী মঙ্গলবার সুমনের মরদেহ দেশে আসতে পারে।
- বিষয় :
- দক্ষিণ অফ্রিকা
- গুলি করে হত্যা
- টাঙ্গাইল
