অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি-সমকাল
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৯:০৬
যশোরের অভয়নগরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে বারোটায় উপজেলার ভাঙাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মহানন্দা ট্রেনের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষের ঘটনাটি ঘটে। হেলপার রায়হানকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত রায়হান (৩০) একই উপজেলার মুনদিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আহত হেলপার রায়হান বলেন, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ভাঙাগেট এলাকায় রহমত ওয়েব্রিজের সামনে দিয়ে ট্রাকটি কয়লা লোড দেওয়ার জন্যে একটি কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। ট্রেনটি এসময় ট্রাকটিকে ধাক্কা দিয়ে ২০ থেকে ২৫ গজ দূরে নিয়ে যায়। পরে ট্রাকটি দুমড়ে মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়লা লোড দিতে ট্রাক নিয়ে কয়লা ডিপোর দিকে যাচ্ছিলেন চালক মনোয়ার। পথে ভাঙাগেট এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী মহানন্দা ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি কয়েক গজ দূরে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক মনোয়ার ছিটকে রেললাইনের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় মোটর শ্রমিক নেতা নুর শেখ বলেন, আকিজ ঘাটে কয়লা নিতে যাওয়ার পথে অরক্ষিত রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইয়াসির আরাফাত বলেন, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মহানন্দা ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
রেলওয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
