ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাপাসিয়ায় ৫ খুন

রাতে দোকান থেকে মেয়েদের খাবার কিনে দিয়েছিলেন বাবা

রাতে দোকান থেকে মেয়েদের খাবার কিনে দিয়েছিলেন বাবা
×

ছবি: সমকাল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২০:১৯ | আপডেট: ১০ মে ২০২৬ | ২১:৫২

কাপাসিয়ায় স্ত্রী-কন্যাসহ ৫ জনকে খুনের অভিযোগে ফোরকান মোল্লা (৪০)-কে আসামি করে মামলা করেছেন নিহত গৃহবধূর বাবা। অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করে পালিয়ে যান ফোরকান মোল্লা। 

ওই রাতে সন্তানদের নিয়ে অভিযুক্ত ফোরকান পাশের দোকানে গিয়ে বাচ্চাদের খাবার কিনে দিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় এক দোকানদার। 

রোববার বিকেলে স্থানীয় দোকানদার আব্দুর রশিদ জানান, শুক্রবার রাত ৮টার দিকে ছোট মেয়ে ফারিয়াকে কোলে নিয়ে ও উম্মে হাবিবার হাত ধরে তার দোকানে এসেছিলেন অভিযুক্ত বাবা ফোরকান মোল্লা। এ সময় শিশুদের জন্য দোকান থেকে চকলেট, চিপস কিনেন। 

দোকানদার আরও জানান, ফোরকান আসার একটু পরেই তার শ্যালক রসুল মোল্লা তার দোকানে এসে অন্য লোকজনের সঙ্গে পরিচিত হয়ে গল্প করেন এবং চা পান করেন। 

স্থানীয় লোকজন জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে এসেছে ফরেনসিক বিভাগের সদস্যরা। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে গেছে। 

এই ঘটনায় গত শনিবার রাতে কাপাসিয়া থানায় মামলা দায়ের হয়েছে। নিহত শারমিনের বাবা শাহাদাত হোসেন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে শারমিনের স্বামী ফোরকান মোল্লার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

গত শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় রাউৎকোনা গ্রামের ওই বাড়ি থেকে এক নারী, তার তিন মেয়ে ও এক ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক। পুলিশের ধারণা, তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

নিহত ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০), শারমিনের মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও ভাই রসুল মিয়া (২২)।  

মামলার তদন্ত কর্মকর্তা ও কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুবায়ের আহমেদ জানান, এখনো মূল আসামিকে গ্রেপ্তার করা যায়নি।   

আরও পড়ুন

×