ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘ম্যাংগো ক্যালেন্ডার’

রাজশাহীর আম ১৫ মে থেকে আসবে বাজারে

রাজশাহীর আম ১৫ মে থেকে আসবে বাজারে
×

ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো ও নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২১:৪৬

গুটি জাতের মাধ্যমে আগামী ১৫ মে থেকে রাজশাহীতে শুরু হচ্ছে আমের মৌসুম। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।  

সভায় জানানো হয়, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষ্মণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত বাজারজাত করা যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি থাকবে।

আগামী ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে। অন্যদিকে, কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারাবছরই সংগ্রহ করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। 

সভায় আরও জানানো হয়, কিছু গুটি আম আগেই পেকে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সেসব আম নির্ধারিত সময়ের আগেও সংগ্রহ করা যাবে। 
সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর আম পাওয়া যাবে ২২ মে থেকে
নওগাঁয় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে আম। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করতে পারবে।

আজ বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৫ জুন আম্রপালি, ব্যানানা ম্যাংগো ২৫ জুন এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

×