ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কৃষকদের ভাগ্য উন্নয়নে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কৃষকদের ভাগ্য উন্নয়নে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস, বোয়ালমারী, আলফাডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২১:৫২ | আপডেট: ১০ মে ২০২৬ | ২৩:০২

কৃষকদের ভাগ্য উন্নয়নে সারা দেশে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। এই ধারাবাহিকতায় দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করে কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রোববার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের লংকারচর-গুলিরচর-মধুমতি হয়ে কান্দাকুল থেকে বারাশিয়া নদী পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় এসব কথা বলেন বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘পানি ছাড়া কৃষি টিকে থাকতে পারে না। কৃষিকে বাঁচাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পানি সংরক্ষণ অত্যন্ত জরুরি। খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। আবার শুষ্ক মৌসুমে সংরক্ষিত পানি কৃষকরা সেচ কাজে ব্যবহার করতে পারবেন।’ 

তিনি আরো বলেন, ‘শুধু খাল খনন করলেই হবে না। খাল খননের দীর্ঘমেয়াদি সুফল পেতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। খালগুলো সচল থাকলে কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং গ্রামীণ অর্থনীতির চেহারা পাল্টে যাবে।’

এর আগে তিনি দুপুরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ‘বড়ভাগ দক্ষিণপাড়া সুইচগেট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত’৫৭০ মিটার দীর্ঘ আরেকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

গ্রামের এ খালগুলো ভরাট হয়ে থাকায় এলাকায় সেচ সংকট বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও বেড়েছিল বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সমস্যার পাশাপাশি শুকনো মৌসুমে ফসল উৎপাদনের ব্যয়। খাল পুনঃখনন হলে কৃষি উৎপাদন বাড়বে এবং সরাসরি নিজেরা উপকৃত হবেন বলে স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন। 

খাল খনন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সঞ্জয় সাহা প্রমুখ।

আরও পড়ুন

×