সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু গাজী। ছবি: সংগৃহীত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১০:০৯ | আপডেট: ১৪ মে ২০২৬ | ০৮:৩৩
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সোমবার সকালে লোকালয়ে এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌয়াল দলের নেতা ইউসুফ গাজী জানান, ১০ সদস্যের একটি দল চারদিন আগে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকা দিয়ে মধু সংগ্রহে প্রবেশ করেন। রোববার সকালে কাছিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় দলটি বনের ভেতর এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাঘ হঠাৎ বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে।
তিনি জানান, বনের ভেতরে থাকা সদস্যদের পাশাপাশি নৌকায় অবস্থান করা অন্য সদস্যরা লাঠি ও দা নিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাঘটি বাবলুকে ছেড়ে বনের গভীরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেন তারা।
আহতের বাবা আব্দুল মালেক গাজী বলেন, “হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি বাঘ আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। পরে সবাই মিলে দা ও লাঠি নিয়ে আক্রমণ করলে বাঘটি পালিয়ে যায়।”
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. শাকির হোসেন জানান, বাঘের কামড়ে বাবলু গাজীর ঘাড়ের নিচ থেকে পিঠ ও কোমর পর্যন্ত গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আহত মৌয়ালকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
