চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের অবস্থান র্কমসূচি
সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জুবলী রোড় এনায়েত বাজার এলাকায় পাচঁটি ব্যাংকে ভিতরে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও আমানতকারীরা। ছবি: মো. রাশেদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৪:৫৬
‘হেয়ার কাট’ নীতি বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামের এনায়েতবাজার এলাকায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে গ্লোবাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এ সময় তারা গ্লোবাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন।
ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে, যা লাখো আমানতকারীকে ক্ষতির মুখে ফেলবে।
আমানতকারী শফিউল আলম বলেন, ‘গ্লোবাল ইসলামী ব্যাংকে টাকা রেখে এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি। কষ্টার্জিত অর্থ ভালো মুনাফার আশায় ব্যাংকে রেখেছিলাম। এখন উল্টো আমানতই ঝুঁকিতে পড়েছে।’
আরেক গ্রাহক, শিক্ষক সাবরিনা মুস্তফা বলেন, ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের পর থেকেই গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। আমানতের অর্থ উত্তোলনে নানা জটিলতার পাশাপাশি এখন ‘হেয়ার কাট’ নামে জমা অর্থের একটি অংশ কেটে রাখার আশঙ্কাও তৈরি হয়েছে বলে জানান তিনি।’
তবে গ্লোবাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমানতকারীদের কষ্ট ও ক্ষোভ আমরা বুঝতে পারছি। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই।’
- বিষয় :
- অবস্থান কর্মসূচি
- ব্যাংক
