ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত
×

অভিযুক্ত মোশারফ হোসেন রাফি। ছবি: সংগৃহীত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:১০ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৬:১১

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও বোন। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মাতু মেস্তরি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গুলশান আরা বেগম লাকি (৪০)। আহতরা হলেন তার স্বামী মোস্তফা ভূঞা (৫০) ও মেয়ে মিথিলা মোস্তফা সাহারা (১৮)। অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (২০) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পরিবারের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে রাফি মাদকাসক্ত হয়ে খারাপ সঙ্গের সঙ্গে মিশে বখাটে জীবনযাপন করছিল। এ নিয়ে বাবা-মা তাকে প্রায়ই শাসন ও ভালো পথে ফেরার পরামর্শ দিতেন। এতে পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।

অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে বাবা-মাকে হত্যার উদ্দেশ্যে অনলাইনে দুটি ধারালো ছুরি কিনে আনে রাফি। রোববার রাতে সে বাবা, মা ও বোনের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে।

পরিবারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে গুলশান আরা বেগম মারা যান। আহত বাবা ও মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের ননদ শরিফা বাদী হয়ে দাগনভূঞা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাফি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও সম্মতি জানিয়েছে। তিনি আরও জানান, আহত বাবা ও মেয়ে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
 

আরও পড়ুন

×