মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ পাচার হওয়ায় বৈদেশিক ঋণের চাপ সৃষ্টি হয়েছে: সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:৫৩
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে, বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। ফলে দেশের ওপর বড় অঙ্কের বৈদেশিক ঋণের চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়েই সরকারকে কাজ করতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশে বাস্তবায়নাধীন ১৬টি মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। কোথাও কোথাও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়েছে।
আজ সোমবার দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অস্বচ্ছতার কারণে বিদেশি দাতা সংস্থাগুলো এখন বড় প্রকল্পে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না।
তবে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং মাওয়া প্রান্তে সেতুর অ্যালাইনমেন্ট নির্ধারণের কাজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তথা বিএনপি সরকারের সময় শুরু হয়েছিল বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়। সে সময়ের পরিকল্পনা অনুযায়ী মাওয়া প্রান্তে সেতুর অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়েছিল।
তিনি বলেন, পরে প্রকল্পটি বাস্তবায়ন হলেও সেখানে দুর্নীতি ও অর্থ অপচয়ের অভিযোগ উঠে। আরও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে কম ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এক বছর পর যদি সেই গাছ খুঁজেই না পাওয়া যায়, তাহলে এমন উদ্যোগের সুফল পাওয়া সম্ভব নয়।
সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- বিষয় :
- সেতুমন্ত্রী
- শেখ রবিউল আলম
- পদ্মা সেতু
- শরীয়তপুর
