চবির শাটল ট্রেনে ছাত্রলীগের পোস্টার, কারাবন্দিদের মুক্তি দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পোস্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৭:০৮
ছাত্রলীগের সব কারাবন্দিদের মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পোস্টার সাঁটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার রাতে চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে অবস্থানরত শাটল ট্রেনে প্রায় ৩০টি পোস্টার সাঁটানো হয়। সোমবার সকালে পোস্টারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পোস্টারগুলোতে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির মুক্তি চাই।’ পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সহ-সভাপতি আবরার শাহরিয়ারের নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সহ-সভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‘আমরা অবৈধভাবে আটক ছাত্রলীগের কারাবন্দিদের নিঃশর্ত মুক্তি কামনা করছি। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অন্যায় ও অযৌক্তিকভাবে বহিষ্কৃত এবং যাদের সনদ বাতিল করা হয়েছে, তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আছে। তাদের নিয়ে আমরা এগিয়ে যাব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শাটল থাকাকালীন এটি লাগানো সম্ভব নয়। সম্ভবত শাটল যখন বটতলী স্টেশনে ছিল তখন লাগাতে পারে। সময় সম্পর্কেও আমি কিছু বলতে পারছি না। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এখন পর্যন্ত। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করিনি। বিষয়টা আমি মাত্র জানতে পারলাম।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাকে অবগত করেনি। তবে আমরা সচেতন রয়েছি। বিষয়টি শনাক্ত করতে পারলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের আড়ালে কিছু দুষ্ট লোকই হয়তো এ কাজটি করেছে।’
