ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যাংক থেকে ফেরার পথে ‘ছিনতাইয়ের’ শিকার বিএনপি নেতা

ব্যাংক থেকে ফেরার পথে ‘ছিনতাইয়ের’ শিকার বিএনপি নেতা
×

সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৯:২৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে বিএনপির এক সাবেক নেতাকে মারধর করে নগদ টাকা ও ব্যাংকের চেক বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবু সাইদ হোসেন।

অভিযোগ থেকে জানা গেছে, ধামাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ধামাইনগর গ্রামের বাসিন্দা আবু সাইদ হোসেন গত রোববার দুপুরে সোনালী ব্যাংক পিএলসির ধানগড়া শাখা থেকে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডসংলগ্ন হক মার্কেট এলাকায় পৌঁছলে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, আলাউদ্দিনসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন তাঁকে ঘিরে ধরে প্রথমে গালাগাল করেন। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা এবং সোনালী ব্যাংকের একটি চেক বই ছিনিয়ে নেওয়া হয়। চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

আবু সাইদ হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত। প্রকাশ্যে আমাকে মারধর করে টাকা ও চেক বই ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি টাকা ফেরত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযোগের বিষয়ে জানতে পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম চেয়ারম্যান সোমবার দুপুরে বলেন, ‘মিটিংয়ে ব্যস্ত আছি, পরে কথা বলব।’ জেলা বিএনপির সদস্য ও রায়গঞ্জের সাবেক এমপিপুত্র রাহিদ মান্নান লেলিন বলেন, ‘সাদ্দামকে ফাঁসানো হয়েছে বলে শুনেছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের ভাষ্য, ‘মামলার বিষয়টি আমরাও জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দ্রুত কেন্দ্রে জানানো হবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


 

আরও পড়ুন

×