বাউফল
নিখোঁজ চার স্কুলছাত্রীর হদিস মেলেনি ৪২ ঘণ্টায়ও
ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের খুঁজে বের করতে একাধিক পুলিশ দল কাজ করছে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১২:২৮
পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া একই শ্রেণির চার স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে তিনজন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের এবং একজন একটি মাদ্রাসার ছাত্রী। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত রবিবার সকালে প্রতিদিনের মতো তারা নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। কিন্তু নির্ধারিত সময়েও তারা আর বাড়ি ফেরেনি। এরপর আত্মীয়স্বজন, বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
ঘটনার পর রবিবার দিবাগত রাতে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ৫৫৮।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জানান, সোমবার বিকেলে একটি অচেনা নম্বর থেকে ফোনে তার মেয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানা গেছে। সেখানে বলা হয়, তারা কেরানীগঞ্জ এলাকায় আছে এবং এক নারী তাদের সঙ্গে রয়েছে। তারা মঙ্গলবারের মধ্যে বাড়ি ফিরবে বলেও জানানো হয়।
তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থীদের কারও কাছে মোবাইল ফোন নেই। তবে যে নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি বিভিন্ন বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটসহ সম্ভাব্য স্থানে তল্লাশি চলছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের খুঁজে বের করতে একাধিক পুলিশ দল কাজ করছে।
- বিষয় :
- পটুয়াখালী
- সন্ধান মেলেনি
- বাউফল
