ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিনাজপুর 

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন
×

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৩:৪২

দিনাজপুরের চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরেক ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার দুলু মিয়া (৭০) এবং তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। আহত অবস্থায় আরেক ভাই হাবিল হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে প্রায় ১৬ বিঘা জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব মঙ্গলবার সকালে বাড়িতে প্রবেশ করে।

এ সময় দুলু মিয়ার শয়নকক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবার ওপর হামলা দেখে প্রথম পক্ষের ছেলে কাবিল ও হাবিল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত কাবিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারী দুই ভাই সাদিকুল ইসলাম ও শাকিব পালিয়ে যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

আরও পড়ুন

×