ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিএসএস নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

সিএসএস নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৯:৪৩

আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন করেছে খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত প্রতিষ্ঠান সিএসএস নার্সিং ইনস্টিটিউট। মঙ্গলবার খুলনার রূপসায় প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে র‌্যালি নিয়ে দিবসটি আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সিএসএস নার্সিংয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের নার্সরা অংশ নেন।

আধুনিক নার্সিং সেবার প্রতিষ্ঠাতা এবং নার্সিংকে পেশাগত রূপ দেওয়া ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। এবারের নার্সিং দিবসের প্রতিপাদ্য- ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যত। জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।’ 

র‌্যালি শেষে আলোচনা সভায় সিএসএস নার্সিংয়ের শিক্ষার্থীরা নাইটিঙ্গেলের পেশাগত জীবনের নানা দিক তুলে ধরেন। সেবার মানসিকতা নিয়ে নার্সিংকে পেশা হিসেবে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা জানান, নাইটিঙ্গেল হাসপাতাল ব্যবস্থাপনায় বড় ভূমিকা রেখে গেছেন। তিনি দেখিয়ে গেছেন, নার্সদের কাজ শুধু রোগির সেবা করা নয় বরং হাসপাতালের পরিবেশ, ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে দ্রুত রোগ মুক্তি সম্ভব।

রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র নার্স বাহামুনি মুর্মূ বলেন, ‘আমরা নার্সিংকে মহৎ পেশা বলি, সেবাই ধর্ম বলি। কিন্তু অনেক সময় সেবা করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আমরা যারা নার্সিং পেশায় আছি, তারা যেন সেবার মানসিকতা ধরে রাখতি পারি এবং যারা নার্সিংয়ে পড়ছেন, তারা যেন সেবার মনোভাব নিয়ে তৈরি হন, সেই প্রত্যাশা রাখি।’ 

সিএসএস এর হেলথ ডাইরেক্টর সাজ্জাদুর রহিম পান্থ বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের যে কাজ, তার বড় অংশজুড়ে আছে নার্সিং। এটি জীবনের সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্য বলতে শুধু চিকিৎসা সেবা নয়, স্বাস্থ্যবিধিও। যেটা নাইটিঙ্গেল দেখিয়ে গেছেন। যারা নার্সিং পেশায় যুক্ত আছেন এবং সিএসএস নার্সিংয়ে যারা শিখতে এসেছেন, তাদের শুভেচ্ছা জানায়। আমরা তাদের মানসিকতায় পরিবর্তন আনতে চাই। সেবার ব্রত মনে ধারণ করতে সহায়তা করতে চাই।’ সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×