মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো দুই কাঠবোঝাই ট্রলার
কাঠবোঝাই ট্রলার পৌঁছাল টেকনাফ স্থলবন্দরে। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ২২:১৪ | আপডেট: ১২ মে ২০২৬ | ২২:১৫
দীর্ঘ অচলাবস্থার পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক সীমান্ত বাণিজ্য। এরই ধারাবাহিকতায় মিয়ানমার থেকে আরও দুটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে।
মঙ্গলবার বিকেলে বোট দুটি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে এসে পৌঁছায়। এর মধ্যে আমদানিকারক এম কাইসার জুয়েলের ৪০ টন এবং মেসার্স এসআইএস ইন্টারন্যাশনালের মালিক ওমর ফারুকের ১১০ টন কাঠ এসেছে।
এর আগে দীর্ঘ বিরতির পর গত ১ মে প্রথমবারের মতো ৪২ টন কাঠবাহী একটি বোট বন্দরে পৌঁছায়। সব মিলিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৯টি কাঠবোঝাই বোটে প্রায় ৩০০ টন কাঠ টেকনাফ বন্দরে এসেছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে আলুও রপ্তানি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ছেড়ে আসা কাঠের বোট দুটি বন্দরে পৌঁছেছে। বন্দরের প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে কাঠগুলো খালাস করা হবে। এর আগে আরও সাতটি কাঠের বোট এসেছিল।
আমদানিকারক এম কাইসার জুয়েল ও ওমর ফারুক বলেন, আজও আমাদের কাঠবোঝাই বোটে প্রায় দেড়শ টন কাঠ এসেছে। স্থলবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে সেগুলো খালাস করা হবে। আমরা চাই, আগের মতো বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসুন।
এদিকে গত ১৪ এপ্রিল বন্দর পরিদর্শনকালে সালাহউদ্দিন আহমদ বন্দরের কার্যক্রম সচল করার আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকেই ধীরে ধীরে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে গত বছরের এপ্রিল মাস থেকে কার্যত সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের বিরোধের জেরে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে।
- বিষয় :
- টেকনাফ
- টেকনাফ স্থলবন্দর
- মিয়ানমার
- ট্রলার
