ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ
হত্যা নাকি আত্মহত্যা জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
আবু কাউসার। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৩:১১ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৫:১৪
চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহটির ময়নাতদন্ত হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে। এদিকে ওই যুবকের রাজনীতি সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে এখনো বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, ওই যুবক তাদের সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যার পর তাঁর লাশ সাগরিকা ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছিল। তবে পরিবারের বরাত দিয়ে পুলিশ রাজনীতি সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করেছে।
ওই যুবকের নাম আবু কাউসার (২৭)। তাঁর বাসা নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলছেন, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে কাউসারের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর মানসিক জটিলতা ছিল বলেও জানিয়েছেন স্বজনরা।
নুরুল আবছার বলেন, কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সবকিছু ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের পর কাউসারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর ঘটনা নিয়ে স্বজনদের কাছে থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের বর্তমান ও সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, কাউসার নগরীর আকবর শাহ থানা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। এই শাখার সভাপতি জুয়েল সিদ্দিকীও এমন দাবি করেছেন।
জুয়েল বলেন, কাউসারের ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক শোকবার্তায় স্বাক্ষর করেছেন।
- বিষয় :
- রহস্যজনক মৃত্যু
- মৃত্যু
- লাশ উদ্ধার
- ময়নাতদন্ত
