ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নসিমন

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নসিমন
×

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া নসিমন (ভটভটি)। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৪:৪১ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৫:২৯

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি নসিমন (ভটভটি) দুমড়ে-মুচড়ে গেছে। সংঘর্ষে নসিমনটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট ও হাসানপুর স্টেশনের মাঝামাঝি গোমকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।

নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ১১টা ২৭ মিনিটে হাসানপুর স্টেশন অতিক্রম করে গোমকোট বাজারসংলগ্ন আলিয়ারা সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি নসিমন আটকে ছিল। ট্রেনটি সেটিকে ধাক্কা দিলে নসিমনটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, আলিয়ারা সড়কটি অত্যন্ত ব্যস্ত। প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু সেখানে কোনো কার্যকর রেলক্রসিং বা নিরাপত্তা ব্যবস্থা নেই। অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান হয়নি বলে তিনি অভিযোগ করেন এবং দ্রুত রেলক্রসিং স্থাপনের দাবি জানান।

নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, গোমকোট এলাকায় ট্রেনটি একটি নসিমনের সঙ্গে ধাক্কা খায়। এতে যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

আরও পড়ুন

×