মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ রোগী, বারান্দায় চলছে চিকিৎসাসেবা
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৫:৪৫ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৫:৪৮
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর অতিরিক্ত ভিড়ে চরম সংকট তৈরি হয়েছে। ৩১ শয্যার এই সরকারি হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ বেশি রোগী ভর্তি থাকায় শয্যা না পেয়ে অনেক রোগী বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের রেজিস্ট্রার অনুযায়ী, বুধবার (১২ মে) হাসপাতালে মোট ১৪০ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ৩৬ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ৩৬ জন শিশু। ফলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডোর এবং বারান্দা রোগীতে পূর্ণ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট, পেটব্যথা ও আহত রোগীরা তীব্র গরমে কষ্ট পাচ্ছেন। বারান্দায় পর্যাপ্ত আলো ও ফ্যান না থাকায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি শৌচাগারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোগীদের ভোগান্তিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, ৫০ শয্যার অবকাঠামো থাকলেও দীর্ঘদিন ধরে এটি কার্যত ৩১ শয্যার জনবল কাঠামো ও সীমিত সরঞ্জাম নিয়েই চলছে। ফলে হাসপাতালটি “নামে ৫০, কাজে ৩১ শয্যা” হিসেবে পরিচালিত হচ্ছে।
চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এতে সঠিক চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কাজী মো. আবু আহসান বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা চরমভাবে চাপের মধ্যে আছি। রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় নতুন রোগীদের জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন।”
স্থানীয়রা দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ ৫০ শয্যায় উন্নীত করা, জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছেন।
- বিষয় :
- মাগুরা
- সংকট
- সরকারি হাসপাতাল
