শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতের সময় জানাল কর্তৃপক্ষ
ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৬:৩৮
কিশোরগঞ্জর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। আজ বুধবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। জামাতে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
বরাবরের মত এবারও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে ঈদের দিন সকালে দু’টি শোলাকিয়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে রেলওয়ে বিভাগ। জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি ও র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। ব্যবহার করা হবে ক্যামেরাবাহী ড্রোন। থাকবে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, বোমা নিষ্ক্রিয়করণ দলসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
শোলাকিয়ার সুদীর্ঘকালের ঐহিত্য অনুসারে জামাত শুরুর ১০ মিনিটি আগে তিনটি, পাঁচ মিনিট আগে দু’টি এবং এক মিনিট আগে একটি শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর সঙ্কেত দেওয়া হবে। তবে পশু কোরবানির বিষয় থাকে বলে ঈদুল আযহার জামাতে ঈদুল ফিতরের সমান মুসল্লির সমাগম হয় না।
শোলাকিয়া ঈদগাহ কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফের সঞ্চালনায় সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেনসহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- শোলাকিয়া ঈদগাহ
