ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
×

নিহত রিনা আক্তার। ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৮:২৮

ফেনীতে নিজের নির্মাণাধীন ভবন থেকে রিনা আক্তার (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর বালিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যার পর মরদেহ বালিচাপা দিয়ে রেখেছে ঘাতক।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ফেনী সদর উপজেলার শর্শিদ ইউনিয়নের চোছনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ রিনা আক্তার (২৮) ওই গ্রামের প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী। পরিবারে তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রিনা আক্তার তার স্বামীর ক্রয়কৃত জমির পাশের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পাশেই তাদের নতুন বাড়ির নির্মাণকাজ চলছে। মঙ্গলবার বিকেল থেকে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ছোট ছেলে রাজু। একপর্যায়ে সন্ধ্যার পর পাশের নির্মাণাধীন বাড়িতে খোঁজ করতে গেলে ঘরের মেঝেতে বালুর স্তুপের মধ্যে মায়ের মরদেহ দেখতে পান ছেলে। 

নিহতের ছেলে রাজু জানান, বিকেলে আম্মুকে খুঁজতে নতুন বাড়ি গেলে বাড়ির কাজ করা এক রাজমিস্ত্রিকে সেখানে দেখতে পান তিনি। 

তিনি আরও বলেন, রাজমিস্ত্রিকে আম্মু কোথায় জিজ্ঞেস করলে রাজমিস্ত্রি আমার জানান আমার মা ফুফুর বাড়িতে। তিনি সেখানে কাজ করছেন। একপর্যায়ে আমার বোনসহ সেই ঘরে গিয়ে বালুর নিচে আম্মুর মরদেহ দেখতে পাই।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

×