উচ্ছেদ করা হচ্ছে বরিশালের সাহান আরা শিশুপার্ক
সাহান আরা শিশুপার্কের উচ্ছেদ অভিযান শুরু। ছবি-সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৮:৩৮
বরিশাল নগরীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একাংশ দখল করে নির্মিত ‘সাহান আরা শিশুপার্ক’ পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে।
বুধবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে স্থাপনার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২১ সালে নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় মহাসড়কের পশ্চিম পাশে পার্কটি স্থাপিত হয়। সকল আইন উপেক্ষা করে তৎকালীন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পার্কটি স্থাপন করেন। তার প্রয়াত মায়ের নামে নামকরণ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা পার্কে শিশুদের খেলার সরঞ্জাম লুট ও অবকাঠামো ভাঙচুর করে। অবশিষ্ট অংশ বহাল থাকায় মহাসড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ ছিল। সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার পুরোপুরি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
উচ্ছেদ কার্যক্রম শুরুর পর অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সাদিক আব্দুল্লাহ মহাসড়ক দখল করে পার্ক নির্মাণ করেছিলেন। এতে মহাসড়কের এই অংশে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনগণের দাবির মুখে তা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মায়ের প্রতি ভালোবাসা জানাতে সন্তান চাইলে জমি কিনে পার্ক নির্মাণ করতে পারত। জনগণের ও সরকারি জমি দখল করে পার্ক নির্মাণ করে হিনমন্যতার পরিচয় দিয়েছে।
- বিষয় :
- বরিশাল
- সিটি করপোরেশন
- শিশু
- পার্ক
- উচ্ছেদ অভিযান
