বনরক্ষীদের ওপর হামলা চালিয়ে হরিণ শিকারীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
ফাইল ছবি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৮:৪৯
বনরক্ষীদের ওপর হামলা চালিয়ে কুদ্দুস রাজা (৩০) নামে এক হরিণ শিকারীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই বনরক্ষী গুরুতর আহত হয়েছেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় মামলা করেছে বনবিভাগ।
আহতরা হলেন— চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এবং বনবিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহা। তাঁদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় নিয়মিত টহলে ছিলেন বনরক্ষীরা। এ সময় কয়েকজন হরিণ শিকারীকে দেখে তাঁদের ধাওয়া করা হয়। শিকারীরা দ্রুত একটি ট্রলারে উঠে পালানোর চেষ্টা করলে বনরক্ষীরাও ট্রলার নিয়ে পিছু নেন।
একপর্যায়ে কালিয়ারখাল এলাকায় পৌঁছে চিহ্নিত শিকারী কুদ্দুস রাজাকে আটক করেন বনরক্ষীরা। তবে তাঁকে নিয়ে ফেরার পথে তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায়। আটক কুদ্দুস রাজাও হামলায় অংশ নেয়। পরে তাঁকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বনরক্ষীদের ওপর হামলা ও শিকারী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চলছে।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, বনবিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
