নানাবাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৯:৪৩
পিরোজপুর নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছোট আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলেন- আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে।
পুলিশ জানায়, দুই শিশু মায়ের সঙ্গে দুই দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার তারা পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করেছিল। বুধবার দুপুরে কাউকে কিছু না বলে আবারও ওই খালে যায় তারা। দুপুরের দিকে শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের খালে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, নতুন কাটা খালে অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
