সাতকানিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪
ফাইল ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১০:৪০ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১১:৫২
চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে থাকা ছোট বোন যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন এক ইউপি সদস্য।
গতকাল বুধবার উপজেলার সিন্ধুপ্যাপাড়ার পাহাড়ে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী মেয়েটি নবম ও তার ছোট বোন অষ্টম শ্রেণির ছাত্রী।
পরে পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। এরা হলেন— উপজেলার রাকিব (২০), মানিক ইসলাম (২০), আবদুর রহিম (১৮) ও এক কিশোর (১৫)। আরও তিনজন পলাতক বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার চারজন মুরগি খামারের শ্রমিক।
স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রী ও তার চাচাতো বোন বুধবার স্কুলে যায়। সেখান থেকে পাহাড়ি মৎস্য প্রজেক্ট এলাকায় বেড়াতে যায়। এ সময় কয়েকজন তাদের পিছু নেয়। বিষয়টি টের পেয়ে তারা পাহাড়ের আড়ালে লুকায়। এক পর্যায়ে অভিযুক্তরা তাদের ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং একজনকে দলবদ্ধ ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর ছোটবোন যৌন নিপীড়নের শিকার হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। পরে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে।' গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে।' জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
- বিষয় :
- ধর্ষণের অভিযোগ
- গ্রেপ্তার
