বরগুনায় হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৯:০০
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মো. মনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠিয়েছে।
নিহত মনোয়ার হোসেন মৃধা আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মৃধার ছেলে। তিনি খুরিয়ার খেয়াঘাট বাজারের খাজনা আদায়কারী ছিলেন।
আমতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে মো. শামসুল হকের বাড়ি সংলগ্ন খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মনোয়ার হোসেন পড়েছিলেন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে মনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মনোয়ারের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত মনোয়ার হোসেন মৃধা খুরিয়ার খেয়াঘাট বাজারের খাজনা আদায়কারী ছিলেন। এর পাশাপাশি তিনি বিদ্যুতের মিস্ত্রির কাজও করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিহত মনোয়ার হোসেন মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
আমতলী সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ খান তাপস বলেন, ‘খুরিয়ার খেয়াঘাট হাটের ইজারাদার আমি। আমার সহকারী হিসেবে নিহত মনোয়ার খাজনা আদায় করতেন।’
আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় জানান, মনোয়ার হোসেন মৃধার দুই রানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
নিহত মনোয়ার হোসেনের মা বিউটি বেগম কান্নজড়িত কণ্ঠে বলেন, ‘মোর পোলাডারে এইরহম কোপাইয়া মাইর্যা হালাইছে, মুই এইয়ার বিচার চাই।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, মনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- বরগুনা
- কুপিয়ে হত্যা
- ময়নাতদন্ত
