নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাবা-মেয়ের পর মারা গেল ছেলে
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২০:৩৭ | আপডেট: ১৪ মে ২০২৬ | ২০:৪৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় আগুনের ঘটনায় বাবা ও মেয়ের পরে এবার মারা গেছে ১২ বছর বয়সী ছেলে মুন্না। গত ১০ মে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছিল। মুন্নাকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ১১ মে সকালে শিশুটির বাবা মো. মীর কালাম (৩৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। পরদিন ১২ মে মারা যায় কালামের চার বছর মেয়ে বয়সী কথা। বর্তমানে মুন্নার মা সায়মা ও বোন মুন্নি হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গত রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রামবাংলা টাওয়ারের সামনের ছয়তলা ভবনের নিচতলার বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. মীর কালাম, স্ত্রী সায়মা এবং তাদের ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়া গ্রামে। গিরিধারার ওই বাড়িটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা মো. কালাম।
তাদের ঘরে তিতাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- মারা গেছেন
- আগুনে পুড়ে নিহত
