ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিশোরগঞ্জ শহরের বেসরকারি ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ৯ প্রাক্তন শিক্ষার্থী কর্তৃপক্ষকে উকিল নোটিশও পাঠিয়েছেন। গত রোববার থেকে শিক্ষার্থীরা এ দাবিতে ক্লাস বর্জন করে আসছেন। গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা করেছেন।
২০১২ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি বর্তমানে শহরের নীলগঞ্জ রোডের একটি ভাড়া ভবনে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইন, ইংরেজি, ব্যবসায় শিক্ষা ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের কার্যক্রম চলছে। শিক্ষক আছেন ২৬ জন, শিক্ষার্থী সংখ্যা ৬৫০ জন। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার বিধান থাকলেও ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও তাদের এ বিষয়ে একাধিকবার তাগিদও দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরতলির শোলাকিয়া এলাকায় জায়গা কেনা হয়েছে। সেখানে ভবন নির্মাণের উদ্যোগ চলছে।
গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেও স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো ইতিবাচক সমাধান হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ৯ শিক্ষার্থীর আইনজীবী অ্যাডভোকেট মো. তাশফিক ইসলাম রাহিনের মাধ্যমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল ইসলামকে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন। এ বিষয়ে মো. তাশফিক ইসলাম রাহিন জানিয়েছেন, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে উপযুক্ত জবাব না দিলে তারা আদালতে যাবেন।
নোটিশটি গতকাল পেয়েছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল ইসলাম বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য শোলাকিয়া এলাকায় এক বছর আগে দুই একর জায়গা কেনা হয়েছে। সেখানে ভবন নির্মাণের কাজ চলছে। কিন্তু শিক্ষার্থীরা সময় দিতে রাজি নন। রোববার তাদের সঙ্গে শাটডাউনের বিষয়ে বৈঠকে বসবেন।
- বিষয় :
- শাটডাউন
