ব্যঙ্গ করে ভিডিও আটক টিকটকার মুচলেকায় মুক্ত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৮:২১
| প্রিন্ট সংস্করণ
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে তৈরি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহীর বাগমারার এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
উপজেলার বাসিন্দা ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম আবদুল কাদের। সামাজিক মাধ্যমে তিনি ‘সজীব’ নামে পরিচিত।
গত শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাচারিবাড়িতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার সকালে ‘ডিয়া ব্লগ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সমালোচনার মুখে পড়ে আবদুল কাদের পরে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজের ভুল স্বীকার করেন। ওই ভিডিওতে তিনি কান ধরে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি মূলত ফানি ভিডিও তৈরি করি। সেই ধারাবাহিকতায় রবীন্দ্রমেলার উদ্বোধন নিয়েও ভিডিও করেছিলাম। কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না।’
বুধবার রাতে যুবদল, তাঁতী দল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী তাঁকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, জাতীয় নেতাকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়া মানহানিকর এবং উস্কানিমূলক।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে মুচলেকা নিয়ে আবদুল কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ছয় মাস তাঁকে সপ্তাহে এক দিন থানায় হাজিরা দিতে হবে।’
- বিষয় :
- টিকটক
