ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে জানাজা শেষে মিছিল, আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে জানাজা শেষে মিছিল, আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
×

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২০:৩০

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নামাজের জানাজা শেষে মিছিল করার দায়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

নগরের কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার ১৯ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— যুবলীগ কর্মী মহিউদ্দিন, মো. সুমন, মো. ইমন, মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান, মো. বশর ওরফে হাসান, মো. সজিব, মো. মুসা, মো. সোহেল, মো. মনির, রায়হান, ইলিয়াছ ওরফে মিলন, জাহিদুল হক ওরফে সোহাগ, মো. শাহিন, মো. শরীফ, মো. ছোটন ওরফে রাকিব মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, মো. রাসেল ও মো. জয়নাল।

মামলার এজাহারে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে হাতে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করে। এসআই শরীফ উদ্দিন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে চাইলে তারা কৌশলে অলিগলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

এ সময় এসআই শরীফ উদ্দিন ঘটনাস্থল হতে আসামিদের ফেলে যাওয়া ১৫টি ইটের ভাঙা টুকরা ও ৮টি বিভিন্ন সাইজের কাঠের লাঠি জব্দ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন

×