ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুলপুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ কৃষকের

ফুলপুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ কৃষকের
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২০:৫২

ময়মনসিংহের ফুলপুরে খড় শুকাতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাট্টা গ্রামের শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজউদ্দিন বাড়ির পাশে নিজ আঙিনায় খড় শুকানোর কাজ করছিলেন। আগের ঝড়ো বাতাসে বিদ্যুতের একটি তার ছিঁড়ে খড়ের নিচে চাপা পড়ে ছিল, যা তার জানা ছিল না। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ওই তারের সংস্পর্শে আসতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় মাঠের দিকে যাচ্ছিলেন প্রতিবেশী আরশব আলী। তাজউদ্দিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তিনি। কিন্তু স্পর্শ করা মাত্রই আরশব আলীও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের কোনো অভিযোগ থাকলে সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×