ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ পিকআপ জব্দ, আটক ৩
ছবি: সংগৃহীত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২২:৩৬
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ মদের আনুমানিক মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম, প্রান্নাথপুর এলাকার তানজিমুল মণ্ডল ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাটিরা এলাকার সাইদুল ইসলাম।
জানা গেছে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। চক্রটিকে বড় ধরনের আলামতসহ আটক করতে কয়েক মাস ধরে গোপনে নজরদারি চালানো হয়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়া থানার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান ও তল্লাশি চৌকি বসানো হয়।
অভিযানকালে ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সাকিব হাসান, এএসআই (নিরস্ত্র) শরিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স একটি নীল রঙের পিকআপ গাড়িকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে ৫৪৯ বোতল মদ পাওয়া যায়। পরে পিকআপ গাড়িসহ মাদকগুলো জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক বহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জব্দ করা মাদক ও পিকআপ গাড়ি থানায় আনা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
