সরকারি ৬৬৭ বস্তা চালভর্তি ট্রাক জব্দ, দুজন আটক
ছবি: সংগৃহীত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২২:৪০
নেত্রকোনার মদনে সরকারি ৬৬৭ বস্তা চাল পাচারকালে ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের মদন উপজেলার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চালভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকটি বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন। চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মদন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, তিনি এলাকায় নেই। চাল জব্দ করার বিষয়টি তাঁর জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর ভাষ্য, সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দ করা চালভর্তি ট্রাকসহ চালক ও তাঁর সহকারী পুলিশের হেফাজতে রয়েছে। কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
