মাদকবিরোধী বার্তায় ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন
সিরাজগঞ্জে শুক্রবার রান ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া দৌড়বিদ ও ক্রীড়াপ্রেমী তরুণরা সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন। এতে সাড়ে সাত কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে এক হাজারের বেশি দৌড়বিদ ও ক্রীড়াপ্রেমী তরুণ অংশ নেন।
‘মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মন ভরি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
ম্যারাথন উপলক্ষে গতকাল শুক্রবার ভোর থেকেই শহরের বাজার স্টেশন এলাকায় জড়ো হতে থাকেন প্রতিযোগীরা। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় সিলেটের অ্যাথলেট আশরাফুল মাত্র ১৬ মিনিট ৪ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হন খুলনার পারভেজ এবং তৃতীয় হন দিনাজপুরের হামিদ।
দৌড় শেষে হার্ড পয়েন্ট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ‘রান সিরাজগঞ্জ’ শুধু একটি ম্যারাথন নয়, এটি সুস্থ সমাজ গঠনের একটি সামাজিক আন্দোলন।
তিনি জানান, সিরাজগঞ্জে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং অ্যাথলেটিক্সকে আরও জনপ্রিয় করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখা হবে।
- বিষয় :
- ম্যারাথন
