নতুন উপাচার্য যোগদানের আগেই অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের
নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে গতকাল শুক্রবার ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন ডুয়েটের শিক্ষার্থীরা সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:২১
| প্রিন্ট সংস্করণ
নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ব্যানারও টানিয়েছেন।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে থামে। পরে তারা ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর আগে এই দাবিতে গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত উত্তপ্ত ছিল ক্যাম্পাস। শিক্ষার্থীরা দফায় দফায় মিছিল ও সমাবেশ করেন ক্যাম্পাসে। ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’ এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাজীপুরে অবস্থিত ক্যাম্পাসটি।
গত বৃহস্পতিবার বিকেলে ডুয়েটের উপাচার্য হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ খবর জানার পরপরই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করেন তারা। তারা ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। গতকালও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল ছিল ডুয়েট।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিৎ। তাদের দাবি, বাইরের কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হোসেন দোলন বলেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোন চলবে।
এদিকে শিক্ষার্থীরা ডুয়েট সংলগ্ন ঢাকা-শিমুলতলী সড়কে অবস্থান নিলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা পৌনে ৩টার দিকে তারা অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানতে চাইলে ডুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করছে। ডুয়েটে অনেক দক্ষ ও যোগ্য শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে আমাদেরও অবস্থান।
ডুয়েটের একটি সূত্র জানায়, আগামীকাল রোববার নতুন ভিসির যোগদান করার কথা। বর্তমান ভিসি জয়নাল আবেদীনের মেয়াদ শেষ হয়নি এখনও। এর মধ্যেই নতুন ভিসির প্রজ্ঞাপন হলো।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন। একই দাবিতে তারা কিছু সময় ঢাকা-শিমুলতলী সড়কে অবস্থান নেন। পরে কর্মসূচি শেষ করে তারা ক্যাম্পাসে ফিরে যান।
- বিষয় :
- অবাঞ্ছিত ঘোষণা
