ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাঙ্গা

বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত 

বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত 
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১১:২০

ফরিদপুরের ভাঙ্গায় মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় একটি বাসের চাপায় নিহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। তারা ট্রাকটির হেলপার ও ড্রাইভার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন। ইউসুফ আলী হেলপার হিসেবে কাজ করতেন। 

শিবচর হাইওয়ে থানার সার্জেন মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টা দিকে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের এক পাশে ট্রাকটি থামিয়ে তারা চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সড়কের ওপর বাবা-ছেলের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়। ঘাতক বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।  

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ছেলে ট্রাকের ড্রাইভার এবং বাবা হেলপার ছিলেন। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 
 

আরও পড়ুন

×