ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাঁঠালিয়ায় সেতু ভেঙে খালে ট্রাক, যান চলাচল বন্ধ

কাঁঠালিয়ায় সেতু ভেঙে খালে ট্রাক, যান চলাচল বন্ধ
×

ঝালকাঠির কাঁঠালিয়ায় সেতু ভেঙ্গে ট্রাক খালে

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৬:২৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুরাতন আয়রন সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছেন। সেতু ভেঙে যাওয়ায় কাঁঠালিয়া-কৈখালী-বানাই-ভান্ডারিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। শুক্রবার রাত প্রায় ২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী ঝোড়াপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন খান বলেন, ‘অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বান্ধাঘাটা থেকে কৈখালীর দিকে যাচ্ছিল। ট্রাকটি পুরাতন আয়রন সেতুর ওপর ওঠার সঙ্গে সঙ্গে হঠাৎ সেতুটি ভেঙে ট্রাকটি নিচের খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হন। শনিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি ভেকু মেশিন দিয়ে খাল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের পারাপারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে।’

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার খান জানান, ‘ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

×