মেহেরপুরে বিভিন্ন স্থানে প্রকাশ্যে পোস্টার সাঁটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
পোস্টার সাঁটাচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ২১:৫৩
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা পোস্টার লাগিয়েছেন। শনিবার সরকারি কলেজ গেট, এআরবি কলেজ গেট এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রাচীরে পোস্টার লাগান তিনি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দিনের আলোতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার গেটে পোস্টার লাগানো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক সূত্র ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, ভিডিওতে পোস্টার লাগাতে দেখা যাওয়া ব্যক্তি মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কুতুব উদ্দীন আহমেদ।
পোস্টারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, মেহেরপুর জেলা শাখা’র নামে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য ও শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার, যুবকদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা এবং ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।
পরে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কুতুব উদ্দীন আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘গুপ্ত নয়, সুপ্ত নয়, রাতের আঁধারে নয়, দিনের আলোতেই চলবে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম।’
এ বিষয়ে মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘আজ শনিবার সম্ভবত বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ছাত্রলীগের ওই নেতা পোস্টারিংয়ের কাজ করে ফেসবুকে দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
