ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ২২:১২

পদোন্নতি-সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১১ মে শুরু হওয়া শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সঙ্গে শিক্ষকনেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। ফলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি উপলক্ষে গত বৃহস্পতিবার ক্লাস বন্ধ হয়ে গেছে। তবে আগের দেওয়া রুটিনে থাকা পরীক্ষাগুলো ২০ মে পর্যন্ত নেওয়া হবে। 

বৈঠকের পর শিক্ষকদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষকদের আলোচনা শেষে রোববার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদোন্নতির দাবিতে গত ২১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও প্রশাসনিক শাটডাউন কর্মসূচি শুরু করেন। ৫ মে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় সভায় জানানো হয়, ৯ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকরা ১০ মে পর্যন্ত একাডেমিক শাটডাউন স্থগিত করেন। তারা ক্লাস ও পরীক্ষা গ্রহণ শুরু করেন। তখনই শিক্ষকরা জানিয়ে দেন, ৯ মে সিন্ডিকেট সভায় পদোন্নতির বিষয়ে সুরাহা না হলে ফের কঠোর কর্মসূচি শুরু করবেন। ৯ মে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের ৯৪তম সভা হয়। এতে সুরাহা না হওয়ায় ১১ মে থেকে আবার শাটডাউন কর্মসূচিতে যান শিক্ষকরা। 

এই কর্মসূচির কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। ১৪ মে রাতে উপচার্য মো. তৌফিক আলমকে অপসারণ করে অধ্যাপক ড. মামুন অর রশিদকে নতুন উপাচার্য নিযুক্ত করে প্রজ্ঞাপন দেয় শিক্ষা মন্ত্রণালয়। নতুন উপাচার্যের সভাপতিত্বে শনিবার দুপুরে জীবননান্দ দাস মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে সভা হয়। এতে প্রায় ৬০ জন শিক্ষক অংশ নেন। শিক্ষকরা উপাচার্যকে জানান, বিশ্ববিদ্যালয়ের পরিধি কম, ক্লাসরুমের সংকট; ছাত্র হলও নেই। এ ছাড়া তারা পদোন্নতি নিয়ে বঞ্চনার কথাও সভায় তুলে ধরেন।

এ সময় উপাচার্য ড. মামুন অর রশিদ শিক্ষকদের জানান, তিনি সমস্যাটির সমাধানে ইউজিসির সঙ্গে কথা বলবেন। তবে তিনি সাফ বলে দেন, বিদ্যমান নীতিমালায় শিক্ষকদের পদোন্নতি হবে না। সব পাবলিক বিশ্ববিদ্যলয়ের জন্য ইউজিসির জারি করা অভিন্ন নীতিমালায় পদোন্নতি নিতে হবে। তবে অভিন্ন নীতিমালার ৯ নম্বর ধারা অনুযায়ী স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালায় প্রত্যেক শিক্ষককে একবার করে পদোন্নতির সুযোগ দেওয়া যেতে পারে। উপাচার্য পদোন্নতির ক্ষেত্রে ‘ডিউডেট’ কার্যকরের আশ্বাসও দেন। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, উপাচার্য শিক্ষকদের সঙ্গে সভা করে তাদের নানা কথা শুনেছেন। তিনি (উপাচার্য) বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গিয়ে পদোন্নতি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবেন। 

আরও পড়ুন

×