বাবাকে পিটিয়ে আহত, হাসপাতালে মৃত্যু
ছবি: সমকাল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০১:৪৪
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় ছেলের পিটুনিতে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম ছেনু মিয়া আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।
এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক।
পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল মিয়া মাদকাসক্ত। মাদকসেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি বিক্রি করেন। আজ শনিবার সকালে রাসেল তার বাবার কাছে জমি বিক্রির টাকার ভাগ চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ছেনু মিয়া ছেলেকে ধাওয়া করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত ছেনু মিয়াকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী আমিনুল বলেন, ‘রাসেল এর আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেন। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিলেন। পরে আবারও টাকার জন্য বাবার ওপর চাপ দেন।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কোনো মামলা করেনি কেউ।’
- বিষয় :
- কুমিল্লা
- পিটিয়ে হত্যা
- বাবাকে হত্যা
