ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থতায় প্রক্টরের কার্যালয়ে তালা

আজ প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা 

অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থতায় প্রক্টরের কার্যালয়ে তালা
×

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১১:৩৫

| প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা ও তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

গতকাল শনিবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। পরে তারা প্রক্টর অফিসে দুটি দরজার তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা তাবাসসুম বলেন, আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার; ব্যর্থ হলে প্রক্টরিয়াল টিমকে পদত্যাগ করতে হবে। নির্ধারিত সময় শেষ হলেও অপরাধী গ্রেপ্তার হয়নি। উল্টো প্রশাসন শিক্ষার্থীদের বিভ্রান্ত ও দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান 
প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগ দাবিতে শুক্রবার রাত দেড়টার দিকে টারজান চত্বর থেকে মিছিল নিয়ে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে গিয়ে রাতভর অবস্থান করেন শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত না করা ও আগের বিভিন্ন ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়া প্রক্টর স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, প্রায় দুই বছরে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ কারণে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা একমত হয়েছেন।

এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে রাত আড়াইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এ সময় প্রক্টরের পদত্যাগের দাবি জানানো হলে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের বাগ্‌বিতণ্ডা হয়।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে অপরাধ সংঘটিত হলে তা প্রক্টরিয়াল বডি দেখভাল করে। তবে বহিরাগত কেউ অপরাধ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় এবং সেটি মূলত পুলিশের এখতিয়ারভুক্ত।

উপাচার্যের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের শান্ত করতে উপাচার্য বলেন, সবকিছুর নির্দিষ্ট নিয়ম রয়েছে। এভাবে বাসভবনের সামনে প্রক্টরের পদত্যাগ হয় না। প্রক্টরিয়াল বডির দায়িত্ব পালনে কোনো গাফিলতি আছে কিনা, তা তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে। উপাচার্যের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা। 

নিরাপত্তা জোরদারে ১৪ পদক্ষেপ প্রশাসনের 
ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ১৪টি পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শুক্রবার সন্ধ্যায় সিনেট হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে–দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম গঠন; জরুরি অভিযোগ গ্রহণে হটলাইন চালু; শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক এবং বহিরাগতদের নিয়ন্ত্রিত প্রবেশ নিশ্চিত করা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক, কর্মকর্তা ও দোকান কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাম্পাসে থাকা ভ্রাম্যমাণ দোকান অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যভিত্তিক ডেটাবেজ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন, নতুন প্রহরী নিয়োগ এবং আরও ১০০ জন আনসার সদস্য মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আবেদন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রক্টর।

অভিযুক্তের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা
ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা এক ব্যক্তির ছবি প্রকাশ করে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল শনিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ অনুরোধ করা হয়েছে। কারও কাছে তাঁর পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে ০১৩২০-০৮৯৩০৫ (হোয়াটসঅ্যাপ) নম্বরে জানানোর অনুরোধ করেছে পুলিশ। বার্তায় আরও বলা হয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাঁকে পুরস্কৃত করা হবে।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর 
অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। গতকাল শনিবার উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া প্রশাসনিক গাফিলতি খতিয়ে দেখতে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবিগুলো হলো অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার; গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন; তদন্ত ও সিসিটিভি ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক গাফিলতির অভিযোগে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত; ঘটনাকে কেন্দ্র করে কোনো মহলের অপতৎপরতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা।

জাকসু সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তদন্তে প্রশাসনের কোনো অংশের গাফিলতি থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এআই-জেনারেটেড ছবি ছড়ানোর ঘটনায় কার অবহেলা ছিল, তা তদন্তে কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপাচার্য।

আরও পড়ুন

×