ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেত্রকোনায় পাওনা টাকার বিরোধে শ্রমিক নিহত

নেত্রকোনায় পাওনা টাকার বিরোধে শ্রমিক নিহত
×

ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১২:৪৭

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামের ধানক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং ধান ভাঙার মেশিনে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে ধান কাটার শ্রম বাবদ বাবুল মিয়া ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের হাবিবুর রহমানের কাছে। রোববার সকালে বাবুল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে হাবিবুর রহমানের সঙ্গে তার দেখা হলে পাওনা টাকা নিয়ে কথা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, এ সময় হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর করেন। ছেলেকে মারধরের খবর পেয়ে বাবুল মিয়া ঘটনাস্থলে গেলে তাকে দাড়ি ধরে ফেলে দিয়ে বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারা হয় বলে পরিবারের অভিযোগ। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×