‘৫ লাখ টাকা দিবি, না দিলে তোকে ও ছেলেকে হত্যা করা হবে’
মেহেরপুরের গাংনীতে রোববার সকালে বোমা উদ্ধারের পর পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করে পুলিশ। ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৫:৫৭ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৬:১৫
মেহেরপুরের গাংনীতে এক কৃষকের নামে চিরকুট পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। চিরকুটের সঙ্গে রাখা হয়েছিলো বোমা ও কাফনের কাপড়। শনিবার রাতে উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকার বজলু রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে যাওয়া হয়। চিরকুটে হুমকি দেওয়া হয় বজলু রহমানের চাচাতো ভাই ইউসুফ আলীকে।
বজলুর বাবা নৈমুদ্দীন ও ইউসুফের বাবা ফৈমুদ্দীন সহোদর। তাদের পাশাপাশি বাড়ি। চিরকুটে ইউসুফ ও তাঁর ছেলের রাসেলের উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘ইউসুফ ৫ লাখ টাকা দিবি, আর না দিলে তোকে ও তোর ছেলেকে হত্যা করা হবে।’ এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিবুল ইসলাম। তিনি বলেন, ইউসুফ আলী একসময় প্রবাসে ছিলেন। এখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ইউসুফ আলীর চাচাতো ভাই বজলু রহমানের বাড়ির গেটের সামনে বোমা, কাফনের কাপড় ও চিরকুট রেখে গেছে। চিরকুটটি ইউসুফ আলী ও তার ছেলেকে নিয়ে লেখা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সংবাদ পেয়ে রোববার সকালে সাদা টেপ দিয়ে মোড়ানো একটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়েছে। বোমাটি পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- মেহেরপুর
- গাংনী
- চাঁদা দাবি
- হত্যার হুমকি
