গত ২০ বছর তমসাচ্ছন্ন অন্ধকারে ছিল দেশ: সংস্কৃতিমন্ত্রী
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করছেন মন্ত্রী। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৬:১৭
গত ২০ বছর দেশ তমসাচ্ছন্ন অন্ধকারে ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অন্ধকার ভেদ করে আমরা নতুন প্রভাত আনতে চাই। নতুন সূর্যোদয় করতে চাই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা জীবনের গান গাইতে চাই।
রোববার দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এজন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা মুখী তৎপরতা চলতে থাকবে। পাঠাগারের পরিবেশটাও নান্দনিক করার চিন্তা রয়েছে।
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান মন্ত্রী।
এ সময় তিনি পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীন বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বিভিন্ন বই পরিদর্শন করেন। এছাড়া মন্ত্রী যশোর ইনস্টিটিউট চত্বরে শতাব্দী প্রাচীন টাউন ক্লাব ঘুরে দেখেন।
এর আগে তিনি যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসন ও ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
