ছাত্রলীগ কর্মীরা ধান কেটে দিচ্ছেন, হালুয়াঘাটে ভিডিও ভাইরাল
ময়মনসিংহের হালুয়াঘাটে শুক্রবার এক কৃষকের জমিতে ধান কাটতে যান ছাত্রলীগের কিছু নেতাকর্মী। ছবি: সংগৃহীত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৭:২০
ময়মনসিংহের হালুয়াঘাটে এক কৃষকের জমির পাকা ধান কেটে দিচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্যরা– এমন ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা এলাকায় তারা ধান কাটেন। যদিও পুলিশের ধারণা, ভিডিও আগের হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এর পর হালুয়াঘাটের ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে তাদের কোনো কর্মসূচি করতে দেখা যায়নি। তবে নানা সময়ে ঝটিকা মিছিল ও কর্মসূচি হয়েছে। এসব কর্মসূচিই বিভিন্ন দিবসকেন্দ্রিক ছিলো।
শুক্রবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৮-১০ জন তরুণ ছাত্রলীগের লোগোসম্বলিত সাদা টিশার্ট পরে মুখে মাস্ক ও মাথায় গামছা দিয়ে এক কৃষকের ধানক্ষেতে যান। সেখানে তারা কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেন। এরপর তাদের ওই কৃষকের জমির ধান কেটে দিতে দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে রোববার কথা হয় সমকালের। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের কার্যক্রম এখন নিষিদ্ধ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা আমাদের ওপর মামলা-হামলার ভয় দেখিয়ে এলাকাছাড়া করেছে। তাই বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি ও সামাজিক কাজে অংশ নিই। গত দেড় বছরে মানুষের উপকারে আসে, এমন সামাজিক কাজ করেছি। আস্তে আস্তে এ কাজ বৃদ্ধি করবো। সামনে চেষ্টা করবো, তা প্রকাশ্যে করার।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম কৃষকদের ধান কেটে দেওয়ার ভিডিও দেখেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় (ভিডিওটি) এখনের না, দুই বছর আগের হবে। তারপরও কোন এলাকায় এমন কাজ করেছে, তা খোঁজা হচ্ছে। ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
