ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি, খুলনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি, খুলনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২০:০৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পর জব্দ করা সেই মাংস ভাগ করে নেওয়া এবং অভিযুক্তকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ রোববার দুপুরে পুলিশের ওই দুই সদস্যকে খুলনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল মো. মাইনুল ইসলাম ও মো. মুছাব্বির হোসেন। তারা ডুমুরিয়া থানার শোভনা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আছের আলি জানান, গত ১২ মে সুফল মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে হরিণের মাংস জব্দ করা হয়। পুলিশের ওই দুই সদস্য মামলার ভয় দেখিয়ে সুফল মণ্ডলের কাছ থেকে কিছু টাকা ঘুষ নেন এবং মাংস ভাগাভাগি করে নেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ সুপারকে জানানো হয়েছে।

তিনি বলেন, মাংস কোথা থেকে আসছে, তা এখনও জানা যায়নি। কোথা থেকে এসেছে, কি পরিমাণ ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকি তথ্য পরে জানানো হবে।

খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমে হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×