ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের একজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের একজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২১:৫৯

কুমিল্লায় মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার তিনি মারা যান।

নিহত এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান। এ ঘটনায় মামলা হলে পুলিশ দোলা নামের এক হিজড়াকে গ্রেপ্তার করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় মাহির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একই সম্প্রদায়ের জহিরুল ইসলাম আপন ওরফে জহির। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা।

স্থানীয় লোকজন জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার সরকারি জায়গায় কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ঘর নির্মাণ করে বসবাস করেন। তাদের মধ্যে কেউ কেউ মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন। নিহত মাহি এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। সম্প্রতি মাদকের টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান সমকালকে বলেন, মাদক নাকি অন্য কোনো বিরোধে এ হত্যাকাণ্ড তা তদন্ত চলছে। নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অভিযান চালিয়ে দোলা নামের একই সম্প্রদায়ের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি জহিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×