নেত্রকোনা
গ্যাস সিলিন্ডার ও চালের বস্তায় লুকানো ভারতীয় মদসহ যুবক আটক
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসিরউদ্দিনকে আটক করা হয়। ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:১০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের সময় ৪৮ বোতল মদসহ নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত নাসিরউদ্দিন কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।
সোমবার সকালে লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ফেরদৌস আলম।
পুলিশ জানায়, আটক নাসিরউদ্দিন (২২) গ্যাস সিলিন্ডারের ভেতরের অংশ কেটে সেখানে ভারতীয় মদের বোতল লুকিয়ে রাখে। পরে সেগুলো প্লাস্টিকের চালের বস্তায় ভরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- নেত্রকোনা
- কলমাকান্দা
- আটক
